গাইবান্ধা (সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ) প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে বেলাল শেখ নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় কসাই বেলাল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।