
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারাল। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেশকে বারবার দিকনির্দেশনা দিয়েছে। তিনি খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকের এই সময়ে দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তায় জানানো হয়, ফজরের নামাজের পরপরই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল বলে দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন।
বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। ১৯৬০ সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর দেশের রাজনৈতিক সংকটময় সময়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮২ সালে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দিয়ে ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। আশির দশকে স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। এই আন্দোলনের সময় তাকে একাধিকবার কারাবরণ ও গৃহবন্দী থাকতে হয়।
১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার সময়েই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। শিক্ষা ও সামাজিক খাতে তার নেওয়া বিভিন্ন সংস্কার ব্যাপক প্রশংসিত হয়। ২০০১ সালে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।
আন্তর্জাতিকভাবেও খালেদা জিয়া স্বীকৃতি লাভ করেন। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করে। গণতন্ত্রে অবদানের জন্য ২০১১ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট তাকে ‘গণতন্ত্রের যোদ্ধা’ উপাধিতে ভূষিত করে।
দেশের রাজনীতিতে দীর্ঘ ও ঘটনাবহুল এই পথচলায় বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।