
ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (৩০) নামে স্থানীয় এক ব্যক্তির একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের বিলাইস্যার দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ হানিফ টেকনাফের লম্বাবিল এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হানিফ সীমান্তবর্তী এলাকায় গেলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর তার একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ (মেডিসিন সাঁ ফ্রঁতিয়ের) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে, রোববার মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশু হোজাইফার অবস্থাও আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি শিশুটির এখনও জ্ঞান ফেরেনি।
চমেক হাসপাতালের পরিচালক জানান, রোববার রাতে এক দফা অস্ত্রোপচার করা হলেও শিশুটির মাথার ভেতরে থাকা গুলি বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
শিশু হোজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সীমান্তে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং এ ধরনের ঘটনার দ্রুত প্রতিকার চেয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ছে বাংলাদেশি জনগণের ওপর, যা দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে।