
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল ইসলাম (২২) নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (তারিখ) দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের মুকুলের কথা-কাটাকাটি হয়। এ সময় সাইফুল ইসলাম ও সালাউদ্দিন সেখানে উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ জানান বলে স্থানীয়রা দাবি করেন।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে মুকুল, তার ভাই পলাশ ও সহযোগী আশরাফ ধারালো অস্ত্র নিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।