
ঢাকা:
নবম পে-স্কেল প্রণয়ন নিয়ে স্থগিত থাকা জাতীয় বেতন কমিশনের পূর্ণ কমিশন সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পে-কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন সভায় বেতন গ্রেড সংখ্যা, বেতন কাঠামোসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
পে-কমিশন সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড নির্ধারণ নিয়ে কমিশনের ভেতরে তিন ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে।
কমিশনের একাংশের মত, বিদ্যমান ২০ গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা উচিত। তবে আরেকটি অংশ এই প্রস্তাবের বিরোধিতা করে গ্রেড সংখ্যা ১৬টিতে নামিয়ে আনার পক্ষে মত দিচ্ছেন।
এছাড়া কমিশনের কিছু সদস্য গ্রেড সংখ্যা আরও কমিয়ে ১৪টি করার প্রস্তাব দিয়েছেন। তাদের যুক্তি, গ্রেড সংখ্যা বেশি হলে বেতন বৈষম্য বাড়ার আশঙ্কা থাকে। তাই বৈষম্য কমাতে গ্রেড কাঠামো সংক্ষিপ্ত করা প্রয়োজন।
সূত্র জানায়, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত চুলচেরা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন লেখার কাজ প্রায় শেষ হলেও কিছু বিষয়ে সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকায় এখনো চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা সম্ভব হয়নি।
কমিশন জানিয়েছে, নবম পে-স্কেলের ক্ষেত্রে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সুপারিশ প্রণয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি সংস্থা, দপ্তর ও সংগঠন থেকে পাওয়া প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে নথিভুক্ত করা হয়েছে।
আসন্ন পূর্ণ কমিশন সভায় এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেলে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।