
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ মন্ত্রী পর্যায়ের সফরে ঢাকায় এসেছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে এ সফরে তিনি বাংলাদেশের সরকারি পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।
ঢাকা সফরকালে আফগান উপমন্ত্রী বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও আফগানিস্তান পারস্পরিক সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, পারস্পরিক আস্থা জোরদার এবং উভয় দেশের জন্য বাস্তবিক অর্থনৈতিক সুফল নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এর আগে রোববার বাংলাদেশ সরকারের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেন আফগান প্রতিনিধিদল।
আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক মান তুলে ধরে আফগানিস্তানে নিয়মিত ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হতে পারে।