
আন্তর্জাতিক ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ডুরান্ড লাইন বরাবর সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে আফগানিস্তান। খোশত, পাকতিয়া, নুরিস্তান ও কুনারসহ অন্তত ছয়টি প্রদেশে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।
আফগান তালেবান যোদ্ধারা পাকিস্তান-এর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত কমপক্ষে ১৮টি সামরিক পোস্ট দখলে নেওয়ার দাবি করেছে। এসব হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে কাবুল। তবে ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে দুই সেনা নিহতের তথ্য স্বীকার করেছে।
তালেবান আরও দাবি করেছে, অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনীর ভারী অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
এসব হামলার জবাবে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নানগারহার ও পাকতিয়া প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে।
ইসলামাবাদের দাবি, এসব হামলায় ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। তবে কাবুল জানায়, পাকিস্তানের একটি সামরিক আকাশযান ভূপাতিত করা হয়েছে।
এর আগে গত রোববার নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। অন্যদিকে, কাবুল জানায়, ওই হামলায় ১৮ জন নিহত হন।
ডুরান্ড লাইন ঘিরে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়ায় নতুন করে গুরুতর নিরাপত্তা সংকট সৃষ্টি হতে পারে।