
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘোষিত এ ইশতেহারে সরকার গঠন করতে পারলে ২৬টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেছে দলটি।
ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি রাষ্ট্র পরিচালনার লক্ষ্য হিসেবে ৪১টি ভিশনও উপস্থাপন করা হয়েছে।
ইশতেহারের মূল স্লোগান ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’—এর আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে।
ইশতেহার অনুযায়ী জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে—
বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন
যুবকদের ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় অগ্রাধিকার
নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র
চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত আইনশৃঙ্খলা ব্যবস্থা
দুর্নীতিমুক্ত প্রশাসন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা
প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাজ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি
ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কার করে বিনিয়োগবান্ধব অর্থনীতি
সমানুপাতিক (পিআর) পদ্ধতিসহ সুষ্ঠু নির্বাচন ও শক্তিশালী গণতন্ত্র
খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার
জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়ন
কৃষিতে প্রযুক্তি ব্যবহার ও কৃষি বিপ্লব
ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা ও ‘তিন শূন্য ভিশন’ বাস্তবায়ন
শিল্পায়ন ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ
প্রবাসীদের ভোটাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সকল নাগরিকের সমান অধিকার
সর্বজনীন স্বাস্থ্যসেবা ও পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসা
শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার ও বিনামূল্যে শিক্ষা
দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও মৌলিক চাহিদার নিশ্চয়তা
উন্নত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা
স্বল্পমূল্যের আবাসন
ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ
সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা
একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র গঠন—এই লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।
ইশতেহারে জামায়াত নেতৃত্ব দাবি করে, এসব দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও আধুনিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।