
ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হচ্ছে। একইসঙ্গে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, নির্বাচনে সারাদেশে এক লাখ ৮ হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য রোববার থেকে মাঠে কাজ শুরু করবেন।
তিনি আরও জানান, আগামী ১১ ফেব্রুয়ারি সকাল থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময় মতো ২৯৯টি আসনে নির্বাচনি দায়িত্ব পালন শুরু করবেন।
পোস্টাল ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, পোস্টাল ভোটের মাধ্যমে প্রেরিত চার লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানকারীদের মধ্যে ৯৪ শতাংশ পুরুষ ভোটার।
এ সময় তিনি জানান, এবারের নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজার দেশি পর্যবেক্ষক এবং ১২০ জন বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।
এছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী রিয়েল টাইমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করবেন।