
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে অবস্থিত রহমান নগর প্রতিবন্ধী বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম।
রোববার (১৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষা পরিবেশ, পাঠদানের মান এবং বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম দায়িত্ব। এজন্য শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান পরিচালনার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার পরামর্শ দেন। পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার মান আরও উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের অগ্রগতি, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং বিভিন্ন প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। সবকিছু পর্যালোচনা শেষে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও তদারকি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রহমান নগর প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে গ্রাম বাংলা আলোকিত সংস্থা-এর পরিচালনায় বিদ্যালয়টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।