
ক্রীড়া ডেস্ক:
২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বিসিবির পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেন। সে সময় বেশির ভাগ পরিচালক কঠোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর আজকের সভায় অবস্থান পরিবর্তন করে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পৌঁছায় বোর্ড।
এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দুপুরে প্রথম আলোকে বলেন,
“কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।”
এরপর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন,
“বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে, বিশ্বকাপ সামনে রেখে শনিবার সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।