
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি পরিত্যক্ত বসতঘর থেকে গাঁ*জার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে জেলাল মিয়ার একটি বসতঘর দীর্ঘদিন ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জেলাল মিয়া দীর্ঘদিন ধরে বগুড়ায় বসবাস করায় বাড়িটিতে নিয়মিত কেউ থাকেন না।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বসতঘরের ভেতর থেকে একটি গাঁ*জার গাছ উদ্ধার করা হয়। পরে গাছটি জব্দ করে থানায় নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, জেলাল মিয়া দীর্ঘদিন ধরে বগুড়ায় বসবাস করছেন এবং তার বাড়িটি বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে। পরিত্যক্ত ঘরের ভেতরে কীভাবে গাঁ*জার গাছটি বেড়ে উঠেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় গাঁ*জার গাছটি কে বা কারা সেখানে রোপণ করেছে এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুর রহমান গাঁ*জার গাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত একটি বাড়ি থেকে গাঁ*জার গাছ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এ অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয়রা।