
ঢাকা প্রতিনিধি :
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার রায় পাঠ করে শোনান।
রায়ে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন।
এ ছাড়া মামলায় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল সুজন হোসেন, নাসিরুল ইসলাম ও ইমাজ হোসেনকে ৩ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রায়ে আদালত উল্লেখ করেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যা সাক্ষ্য ও তথ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে। আদালত আরও বলেন, চানখারপুল এলাকায় হত্যাকাণ্ড প্রতিরোধের দায়িত্বে থাকা সত্ত্বেও হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী ও শাহ আলম মো. আখতারুল তা বন্ধে কোনো কার্যকর উদ্যোগ নেননি।
মামলায় প্রধান চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ও মোহাম্মদ ইমরুল।
গত বছরের ১৪ জুলাই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এরপর ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ২৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্যে হত্যাকাণ্ডসংক্রান্ত প্রত্যক্ষ বিবরণ, ভিডিও ফুটেজ, ফোনালাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।