
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৬ মার্চ) সকালে গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে ফুল দিয়ে তাকে বরণ করে নেন। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিককে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। এজন্য তিনি জেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।