
ডেক্স রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার কার্যক্রম বন্ধ রাখার বিধান অনুযায়ী, ওই সময়ের পর রাজনৈতিক দল ও প্রার্থীরা আর কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইসি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিকে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি মোট ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
ভোটার সংখ্যার দিক থেকে ঝালকাঠি-১ আসনে সর্বনিম্ন ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং গাজীপুর-২ আসনে সর্বাধিক ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছে।
এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঢাকা-১২ আসনে সর্বাধিক ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।
ইসি সূত্রে জানা গেছে, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ৯ লাখ সদস্যের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।