
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে বালুভর্তি একটি ট্রাকের চাপায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে ঘন কুয়াশার কারণে মহাসড়কের পাশের ঝলমলিয়া কলাহাটে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।