
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
তিনি বলেন,
“আমি নিজেও দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না। সরকারি দায়িত্ব পালনে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা, সেবার মানোন্নয়ন এবং জননিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবনির্বাচিত এমপি মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন,
“সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের আস্থা অর্জনের জন্য সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,
“জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল
উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক
পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার খান
পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার
বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।