
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সমাবেশে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের ভিপি সাদিক শিকদার বলেন, “একজন হাদিকে হ’ত্যার চেষ্টা করলে হাজারো হাদির জন্ম হবে। যে বাংলাদেশের জন্য লাখো মানুষ জীবন দিয়েছেন, সেই দেশের নিরাপত্তা দিতে ইন্টেরিম সরকার ব্যর্থ হয়েছে।” তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এস এম আল মিনহাজ অভিযোগ করে বলেন, “হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে পেশাদার শ্যুটারের মাধ্যমে গুলি চালানো হয়েছে। তার চিকিৎসা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা বরদাস্ত করা হবে না।”
এজিএস মহিউদ্দিন খান সমাবেশে বলেন, “ওসমান হাদির লড়াই আমাদের সামষ্টিক লড়াই। জুলাই বিপ্লবের চেতনা নিয়েই তিনি কাজ করছেন।” তিনি হাদির দ্রুত সুস্থতা কামনা করেন।
হামলার ঘটনায় শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপের আহ্বান জানায়।