
ঢাকা:
নির্বাচনী আসন সমঝোতা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে দূরত্ব এখনো পুরোপুরি ঘোচেনি। আসন বণ্টন নিয়ে আরও কয়েকটি দলের অসন্তোষ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় দুই দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে আবারও আলোচনা শুরু হয়েছে। দ্রুত সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করছে সংশ্লিষ্ট দলগুলো।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এই সময়সীমা সামনে রেখে জোটভুক্ত দলগুলোর ওপর সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনার শুরুতে ইসলামী আন্দোলন শতাধিক আসনের দাবি তোলে। অন্যান্য দলও তুলনামূলক বেশি আসনের দাবি করে। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় যুক্ত হওয়ায় আসন বণ্টনে নতুন হিসাব–নিকাশ শুরু হয়।
২৮ ডিসেম্বর আট দলের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, এনসিপি ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সমঝোতায় যুক্ত হচ্ছে। পরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যুক্ত হলে জোটের দলের সংখ্যা দাঁড়ায় ১১-এ।
সমঝোতার আলোচনা চলাকালে জামায়াত ২৭৬টি এবং ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। পাশাপাশি অন্যান্য দলও ব্যাপকসংখ্যক আসনে প্রার্থী দেয়, যা সমঝোতাকে আরও জটিল করে তোলে।
মনোনয়ন জমার পরদিনই ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রকাশ্যে অসন্তোষ জানান। তিনি দাবি করেন, তাঁদের দল ১৪৩টি আসনে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও সে অনুযায়ী সমঝোতা হচ্ছে না।
দলটির নেতাদের একটি অংশ মনে করছে, জামায়াত এনসিপিকে তুলনামূলক বেশি গুরুত্ব দিচ্ছে। নতুন দল যুক্ত হওয়ায় আগে প্রস্তুত করা অনেক আসন ছাড়তে হচ্ছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি করেছে।
জামায়াতের এক কেন্দ্রীয় নেতা বলেন, ইসলামী আন্দোলনের দাবি করা ৭০–৭৫টি আসন বাস্তবসম্মত নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ইসলামী দলগুলোর ঐক্য ভাঙতে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র থাকতে পারে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আসন সমঝোতার সংকট এখনো পুরোপুরি কাটেনি। তবে সবার মধ্যে নমনীয়তা এসেছে এবং তিন-চার দিনের মধ্যে আলোচনা একটি পর্যায়ে পৌঁছাতে পারে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা চলছে।
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে সমঝোতা করা হবে। তবে এসব বিষয় ব্যাহত হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
এনসিপি ও এবি পার্টি আসনসংখ্যা নিয়ে এখনো নিশ্চিত নয়। এনসিপি ৩০টির নিচে আসন না নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। অন্যদিকে এবি পার্টি জানিয়েছে, জোটের নাম, লক্ষ্য ও আসন সমঝোতা—কোনোটিই এখনো চূড়ান্ত হয়নি।