গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) ধাপেরহাট নায়েবীয়া মসজিদ প্রাঙ্গণে ধাপেরহাট ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি তৌফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর এরশাদুল হক ইমন, উপজেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুশফিকুর রহমান সাগরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ সৃষ্টি হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ধাপেরহাট ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
বক্তারা তাদের বক্তব্যে রমজানের শিক্ষা সমাজে ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাগরিবের আজানের সাথে সাথে উপস্থিত সবাই সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন।