
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করবেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। শনিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। সংবিধান অনুযায়ী, বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। আজ তার বয়স ৬৭ বছর পূর্ণ হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসেবে তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালের ১৭ মে। অর্থাৎ প্রায় আড়াই বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী ও বেগম সিতারা চৌধুরীর সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে আরও একটি এলএলএম সম্পন্ন করেন।
আইন পেশায় তার পথচলা শুরু হয় ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মাধ্যমে। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।