
লাখো শোকাহত মানুষের অংশগ্রহণে জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। দাফন শেষে চলছে শেষ সময়ের আনুষ্ঠানিকতা। এরপর তার স্মরণে এক মিনিটের নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে করে মরদেহ নেওয়া হয় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফন প্রক্রিয়া চলাকালে তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গভীর শ্রদ্ধা ও শোক জানান।
এর আগে, মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বেলা ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে তা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আপসহীন এই নেত্রীর শেষ বিদায়ে গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে।