
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
জাতীয় সংসদের সংরক্ষিত ২৮ নম্বর নারী আসনের সংসদ সদস্য (গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত) মমতাজ আলোর সাদুল্লাপুরে প্রথম সফর উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এছাড়া উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ আলো প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
পরে বিকেল ৫টায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের বাসভবনের তৃতীয় তলায় উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান সামছুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস ছালাম মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল। সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ আলো বলেন, গাইবান্ধার সার্বিক উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। জেলার কৃষি ও শিক্ষা খাতকে এগিয়ে নিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল কলেজ এবং কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে একটি মাল্টি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অতীতের বিভেদ ভুলে জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দিতে এবং দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। মাদক ব্যবসা, জুয়া, সালিশের নামে অবৈধ অর্থ আদায়, চাঁদাবাজিসহ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে দল থেকেও বহিষ্কার করা হবে।
মমতাজ আলো বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি। তাই সততা, জবাবদিহিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য মমতাজ আলোর নেতৃত্বে গাইবান্ধার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে।