ঢাকা প্রতিনিধি:
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও স্থপতি লুই আই কানের নকশা অক্ষুণ্ন রেখে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন বিষয়ে মতামত প্রদান-সংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গঠিত উপকমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ। উপকমিটির কার্যক্রমে সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (এএস), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা যুক্ত থাকবেন।
সভায় সংসদ ভবন ও সংসদ এলাকায় মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের ব্যবহার ও সিস্টেম লস কমানো এবং সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করার সিদ্ধান্ত হয়। সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে মানচিত্র তৈরির পাশাপাশি সেখানে প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন প্রস্তুত করে পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।
এ ছাড়া সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, সংসদের অধিবেশন চলাকালীন সময় ছাড়া অন্য সময়ে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে, তা পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে উপকমিটিকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সভায় আরও জানানো হয়, সংসদ সদস্যদের আবাসিক ভবনগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। তবে ওই ভবনগুলোতে প্যানেল স্থাপনের চলমান কার্যক্রমের দায়ভার সংশ্লিষ্ট কমিটি নেবে না বলে সিদ্ধান্ত হয়েছে।
সভায় কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ অংশ নেন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।