
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও অসংগতির কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (গাইবান্ধা সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে পাঁচজন এবং গাইবান্ধা-০২ (সদর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন—
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান
সমর্থনকারী ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার
স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন
দলের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রমজান আলী
জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার
গাইবান্ধা সদর আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
দলের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল মাজেদ
হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম গোলাম আযম
গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা জানান, নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, সেগুলো বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে গাইবান্ধা জেলার অন্যান্য সংসদীয় আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।