
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ফেসবুক ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রকি মন্ডল টারজেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধাপেরহাটে বিএনপির স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে রকি মন্ডল টারজেন বলেন, গত ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিনে ধাপেরহাটের হাসানপাড়া মৌজাস্থ মহাসড়ক সংলগ্ন আন্ডারপাসের পশ্চিম পাশে তার মালিকানাধীন খাবার হোটেলের সামনে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ইফতারির দোকান বসান। এতে তার ব্যবসায় মারাত্মক ক্ষতি হয় এবং ক্রেতাদের চলাচলে বাধা সৃষ্টি হয়। তিনি দোকান সরিয়ে নিতে বললে তারা তার ওপর চড়াও হয় এবং পুলিশের উপস্থিতিতেই ভয়ভীতি ও হুমকি দেয়। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গেও অসদাচরণ করে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর তাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয় এবং তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তিনি জানান, সংশ্লিষ্ট হোটেলটি তাদের পৈত্রিক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিন ধরে তার বাবা আব্দুল মান্নানের ক্রয়কৃত জমিতে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। জমির তফসিল হিসেবে জে.এল নং–১২৬, মৌজা–হাসানপাড়া, দাগ নং–১৫ এবং জমির পরিমাণ ১০ শতক উল্লেখ করেন তিনি।
মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ কবির রানা, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল রহমান মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।