
স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগর আমির মাওলানা এ টি এম আজম খান।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে তিনি নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং আখতার হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। এ টি এম আজম খান দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ সিদ্ধান্ত আখতার হোসেনের অবস্থান রংপুর-৪ আসনে আরও সুসংহত করবে। বিশেষ করে জামায়াতের সাংগঠনিক শক্তি এবং এ টি এম আজম খানের তৃণমূল জনপ্রিয়তার সমর্থন আখতার হোসেনের নির্বাচনী প্রভাব বাড়াবে।
উল্লেখ্য, রংপুর-৪ আসনটি ঐতিহ্যগতভাবে বড় রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি ছাড়াও স্থানীয় নেতা ও সাংগঠনিক শক্তির সমন্বয়ই নির্বাচনী সমীকরণ নির্ধারণ করে থাকে। এবারও এই প্রার্থিতা প্রত্যাহারের কারণে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যা ভোটারদের নজর কাড়ছে।