
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় মহাসড়কসংলগ্ন আন্ডারপাসের নিচে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওভারব্রিজের ওপর থেকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। বিস্ফোরণের বিকট শব্দে কার্যালয়ে থাকা নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে দায়ী করেছেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মন্ডল। তাঁর দাবি, আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আমিনুর রহমান মিলন মন্ডলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মন্ডল, গাইবান্ধা জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমজাদ আলী এবং ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।
সমাবেশে বক্তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বা বিস্ফোরণের ঘটনা ঘটলে বিএনপি কঠোর ভূমিকা নেবে এবং রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। সেখানে ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তবে এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে পুলিশের তদন্তের ফল জানা যায়নি।