
ঢাকা প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি ২০২৬:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন টের পান সাধারণ মানুষ।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে মানুষ তুলনামূলকভাবে শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার।
ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও এ কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দেশে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প দিয়ে কম্পনের ধারাবাহিকতা শুরু হয়। এরপর ৩ ফেব্রুয়ারি একই দিনে তিন দফা ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার কম্পন উল্লেখযোগ্য।
এছাড়া ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুইবার ভূমিকম্প অনুভূত হয় এবং সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে দেশে মোট আটবার ভূকম্পন অনুভূত হয়েছে।