
ডেস্ক রিপোর্ট:
গণভোট অনুষ্ঠিত হলে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে—এতে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, এ বিষয়ে সরকার লিগ্যাল অপিনিয়ন নিয়েছে। দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে মতামত দিয়েছেন যে, অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে এবং এতে কোনো আইনগত বাধা নেই। তিনি জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে—নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়টি উল্লেখ করে প্রেস সচিব বলেন, আসন্ন নির্বাচনে ইইউ বড় আকারের একটি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে তারা কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি, কারণ তাদের মতে আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন, যা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড ভালো রয়েছে এবং সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না। তবে নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, পতিত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা মিসইনফরমেশন ছড়ানোর চেষ্টা করতে পারে, তবে এসব মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও জানান, নারী ও তরুণ প্রজন্মের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সরকার ও নির্বাচন কমিশনের মতে, নির্বাচনের আগে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। যদিও দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে দু-একটি হত্যাকাণ্ড ঘটছে, তবে সরকার প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে ঘটেছে। অথচ এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই না করে এ নিয়ে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।