
আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। এ সময় তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হন। সেখানে সংরক্ষিত শোক বইয়ে (ভিজিটরস বুক) তিনি নিজের মন্তব্য ও শোকবার্তা লিপিবদ্ধ করেন।
বাংলাদেশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হাইকমিশনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী এবং কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।
হাইকমিশন সূত্র জানায়, শোক বইয়ে স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।