
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। এ উপলক্ষে রাজধানীতে দলটির পক্ষ থেকে বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হচ্ছেন।
দলীয় সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনারে পরিচালিত বিজি-২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য ছয়টি টিকিট কেনা হয়েছে। এসব টিকিটে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, বিএনপির প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন দেশে ফিরছেন।
এ ছাড়া নিজস্ব অর্থে বিজনেস ক্লাসের টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন দলের একাধিক নেতা। ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের বিএনপি নেতারাও ইকোনমি ক্লাসে যাত্রা করছেন। সব মিলিয়ে ওই ফ্লাইটে ৫০ জনের বেশি যাত্রী থাকবেন বলে জানা গেছে।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানান, তারেক রহমান পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে ফিরছেন। অন্যরা নিজ উদ্যোগে একই ফ্লাইটে যাত্রা করছেন।
এদিকে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের সংবর্ধনায় মানুষের সংখ্যা অনুমানের বাইরে হতে পারে। নিরাপত্তা বিষয়ে সরকারকে সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়েছে।