
ঢাকা:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউসুফ বদরী জানান, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তারেক রহমান কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। সফরকে কেন্দ্র করে তারেক রহমানের সম্ভাব্য যাত্রাপথ ও কর্মসূচির স্থানগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হচ্ছে।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানসংবলিত গাড়িবহর নিয়ে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন এবং কী কী কর্মসূচি থাকবে—সেগুলো যাচাই করা হচ্ছে। এসব বিষয় দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সফরসূচি ঘোষণা করা হবে। তবে সফরের সম্ভাবনা অত্যন্ত বেশি।’
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে যাচ্ছেন—এটি জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়।’
উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়া সফরে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানাতে লাখো মানুষের ঢল নামে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী হামলায় শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ।
ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নগরীর চকবাজার এলাকার একটি মেসে থাকতেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।