
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।
মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, সমর্থনকারী দুই ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে তাসনিম জারা বলেন,
“একজন জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু জানার কোনো উপায় ছিল না যে তিনি প্রকৃতপক্ষে এই আসনের ভোটার নন।”
তিনি আরও বলেন,
“আরেকজন সমর্থনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপিতে দেখা যায় তিনি ঢাকা-৯ এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশন বলছে, তিনি এই আসনের ভোটার নন।”
স্বাক্ষরকারী দুজনের অজ্ঞতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তাসনিম জারা বলেন,
“তাদের জানা ছিল তারা ঢাকা-৯ আসনের ভোটার। সে অনুযায়ী তারা স্বাক্ষর দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন ভোটারদের আসন যাচাই করার কোনো কার্যকর উপায় রাখেনি।”
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।