
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে অবশ্যই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন,
“হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যেই ইনশাআল্লাহ দাখিল করা হবে। চার্জশিটটি চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে। আমরা শেষবারের মতো যাচাই-বাছাই করছি। সবকিছু সম্পন্ন হলেই এটি আদালতে জমা দেওয়া হবে।”
তিনি আরও জানান, মামলাটির তদন্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই চার্জশিট দাখিল করা হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর থেকে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবি জানানো হচ্ছে।