
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস ইহাবস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সারা দেশে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক পাঠানোর আগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইভারস ইহাবস বলেন, ‘আমরা প্রার্থী ও বিভিন্ন এলাকায় সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সার্বিক পরিবেশ খুব ইতিবাচক। যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের অধিকাংশই মনে করেন—এটি বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’
তিনি জানান, এবারের নির্বাচনে ইইউ তাদের ইতিহাসের অন্যতম বৃহৎ পর্যবেক্ষণ মিশন পাঠিয়েছে বাংলাদেশে। এতে দুই শতাধিক পর্যবেক্ষক রয়েছেন। জানুয়ারির শুরু থেকেই অন্তত ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মাঠপর্যায়ে কাজ করছেন। পাশাপাশি ইউরোপীয় পার্লামেন্টের সাত সদস্যের একটি প্রতিনিধিদলসহ নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার পর্যবেক্ষকরাও এতে অংশ নিচ্ছেন।
প্রধান পর্যবেক্ষক বলেন, ‘আজ আমরা স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের সারা দেশে পাঠাচ্ছি। তারা মূলত ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আমরা একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি।’
সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তবে এখনই এ বিষয়ে মন্তব্য করা হবে না। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং নির্বাচনের দুই মাস পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয় পর্যবেক্ষণের আওতায় রয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে এসব নিয়ে বিস্তারিত মূল্যায়ন থাকবে। নারীসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করাকে ইইউ বিশেষ গুরুত্ব দিচ্ছে।
নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তাদের ধারণা।