
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া নামের এক ইউনিয়ন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মিলন মিয়া (৪৪) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট সংলগ্ন রসুলপুর এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিলন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন ধরনের কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, অভিযানে উদ্ধার করা দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে সেনাবাহিনীর টিম থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।