এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা।
- আপডেট সময় : ০১:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৪২ বার পড়া হয়েছে

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা।
এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে তাসনিম জারা উল্লেখ করেন, খিলগাঁওয়ের সন্তান হিসেবে নিজ এলাকার মানুষের সেবা করাই ছিল তার আজীবনের স্বপ্ন। সংসদ সদস্য হয়ে দেশের সেবা করার পরিকল্পনা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের হয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন, তা বাস্তবায়নে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন।
ঢাকা-৯ আসনের অন্তর্গত খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কোনো দলীয় কার্যালয় বা সুসংগঠিত কর্মী বাহিনী থাকবে না। আপনাদের মেয়ে হিসেবে আমার একমাত্র ভরসা আপনারাই। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার যে অদম্য ইচ্ছা আমার রয়েছে, তার প্রতি আপনাদের সমর্থন চাই।’
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া, যারা আগে তাকে দলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করে নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে তাসনিম জারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যদি অনুদানের অর্থ ফেরত নিতে চান, তবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। ট্রানজেকশন আইডি যাচাই সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ায় ওই অর্থ ফেরত দেওয়া হবে।










