ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন
- আপডেট সময় : ০৫:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৯৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিয়ন হুদা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
নিহত নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) গাইবান্ধায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যান নিয়ন। পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চারজন মিলে সদর উপজেলার কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নিয়ন পানিতে তলিয়ে নিখোঁজ হন।
এ ঘটনার পর খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল অভিযানে যোগ দেয়। টানা তিন দিন অনুসন্ধানের পর শনিবার বিকেলে নদী থেকে নিয়নের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, নিয়ন হুদা নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ উদ্ধার অভিযান চলছিল। অবশেষে শনিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।









