সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার
- আপডেট সময় : ০৩:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ১১২ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি নির্মাণাধীন ঘর থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়নের মাঝামাঝি জাতীয় মহাসড়কসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামসংলগ্ন এলাকায় জিসান পাম্পের দক্ষিণ পাশে এবং বকুলের ইটভাটার উত্তর দিকে আসারু নামে এক ব্যক্তির পরিত্যক্ত নির্মাণাধীন ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় নির্মাণাধীন ঘরটিতে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা পাওয়া যায়। পরে বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার করে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই স্থানে মোটরসাইকেলসহ দুজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে উদ্ধার করা বিস্ফোরকগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।









