হাদি হত্যাকাণ্ডে জড়িত সবার নাম ঠিকানা প্রকাশ করা হবে: ডিএমপি কমিশনার।
- আপডেট সময় : ০৮:৫৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৩৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে আন্দোলনকারীদের সামনে তিনি এ ঘোষণা দেন। ডিএমপি কমিশনার বলেন, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত। এখন পর্যন্ত এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল হোতাদের শনাক্তে জোর তৎপরতা চলছে।
তিনি জানান, হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে সায়েন্টিফিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।
হত্যাকাণ্ডে বিপুল অর্থ ব্যয়ের তথ্য তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, তদন্তে ২১৮ কোটি টাকার সই করা চেক উদ্ধার করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই মামলার চার্জশিট দাখিল করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।










