সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন
- আপডেট সময় : ০৮:১৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৩২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ একাধিক জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
তার অসুস্থতার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। দল-মত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তী সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করে দীর্ঘদিন তিনি বিএনপির নেতৃত্ব দেন।
তার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।










