বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘসহ বিশ্বনেতাদের গভীর শোক।
- আপডেট সময় : ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে জাতিসংঘ তার পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।” একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে সংস্থাটি।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। ইইউর শোকবার্তায় বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অগ্রদূত হিসেবে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছে চীন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের এই প্রখ্যাত রাজনৈতিক নেত্রীর মৃত্যুর সংবাদ।










