আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ রাজনৈতিক দল।
- আপডেট সময় : ১২:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৫৭ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সূত্র জানায়, বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে। এসব কারণে অবশিষ্ট ৫১টি রাজনৈতিক দল এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এসব আপিলের নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং একই দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন। সবশেষে ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।










