বসুন্ধরায় সড়ক দুর্ঘটনার জেরে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০৮:৪৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বসুন্ধরার আই ব্লকে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত নাঈম কিবরিয়া পাবনা জেলা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। তার বাড়ি পাবনা সদর উপজেলার চকজয়েনপুর গ্রামে। তিনি গোলাম কিবরিয়া ও আইরিন কিবরিয়ার ছেলে। তার বাবা-মা সাবেক আওয়ামী লীগ সরকারের সময় পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈম কিবরিয়ার প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহীরা তাকে প্রাইভেটকার থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তারা তাকে আই ব্লকের ১০ নম্বর রোডে ওয়ালটন বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়।
পরে খবর পেয়ে স্বজনরা নাঈম কিবরিয়াকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের গলা, হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।










