গাইবান্ধায় পৃথক দুটি দুর্ঘটনায় নি*হত ৪, আহ*ত ২।
- আপডেট সময় : ০৭:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / ১৭১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় চারজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাছ চাপা পড়ে আপন দুই বোনের মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গাছ কাটার সময় গাছ চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের আব্বাসের মোড় এলাকায় মধু মিয়া ও মতিউর রহমানের বাড়িতে সকাল থেকে গাছ কাটার কাজ চলছিল। বিকেলের দিকে পাশের বাড়ির বাসিন্দা ফরিদ মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামনি তার দুই বছর বয়সী বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে যায়।
এ সময় হঠাৎ করে কাটতে থাকা একটি বড় গাছ উপড়ে গিয়ে দুই শিশুর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের মাতম শুরু হয়।
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বন্দর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁসিতলা বন্দর এলাকার ব্র্যাক অফিসের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড দুর্গাপুর গ্রামের জনি মিয়া এবং নাকাই ইউনিয়নের মালিনীপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










