গাইবান্ধার দুই সংসদীয় আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।
- আপডেট সময় : ১২:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ৪২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও অসংগতির কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (গাইবান্ধা সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে পাঁচজন এবং গাইবান্ধা-০২ (সদর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে যাদের মনোনয়ন বাতিল
যাচাই-বাছাইয়ে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন—
-
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান
-
সমর্থনকারী ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার
-
স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন
-
দলের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রমজান আলী
-
জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার
গাইবান্ধা-০২ (সদর) আসনে যাদের মনোনয়ন বাতিল
গাইবান্ধা সদর আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
-
দলের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল মাজেদ
-
হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম গোলাম আযম
রিটার্নিং কর্মকর্তার বক্তব্য
গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা জানান, নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, সেগুলো বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে গাইবান্ধা জেলার অন্যান্য সংসদীয় আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।










