“এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি”—হাসনাত আবদুল্লাহ
- আপডেট সময় : ০১:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ২৩৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, গত ১৪ মাসে তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন,
“আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি—গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও অবৈধভাবে গ্রহণ করিনি। সারা বাংলাদেশে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো ব্যক্তি বা কোনো উৎস থেকে বেআইনিভাবে একটি টাকাও নিয়েছি।”
তিনি আরও বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করেছে বা ভবিষ্যতে দখলের পরিকল্পনা করছে, তাদের স্পষ্ট বার্তা দিতে চান—জনগণের ভোটাধিকার হরণ করার কোনো চেষ্টা সহ্য করা হবে না। প্রশাসন, পুলিশ, অর্থ বা ক্যাডার ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করতে চাইলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন,
“আপনি আমার বিরুদ্ধে ভোট দিন—আমি আপনার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করব। কিন্তু কেউ যদি ভোট চুরি করতে আসে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”
সংস্কার ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, জোটের ভেতরে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
দেবিদ্বারের উন্নয়ন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, কিছু মহল নির্বাচনকে ঋণখেলাপি পরিশোধের সুযোগ হিসেবে দেখছে। নির্বাচনের পর এলাকার উন্নয়ন বরাদ্দ লুট করে ব্যাংক ঋণ শোধ করার স্বপ্ন দেখছে তারা। এসব অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন,
“দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি ছিলেন জনগণের প্রিয় নেতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন তাকে কারাবন্দি রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নানা বিদ্রূপের শিকার হলেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন থেকেই ভবিষ্যতের রাজনীতির শিক্ষা নিতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদ। দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ এবং এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।










