ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা।
- আপডেট সময় : ১০:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলটির আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
একই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে দলীয় মনোনয়নপত্রে ত্রুটির কারণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৫ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ, তিনজনের বাতিল এবং একজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
ইউনুচ আলী বলেন,
“সব কাগজপত্র সঠিক থাকা এবং কোনো ধরনের অভিযোগ না থাকায় জামায়াতের মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ এবং গণফোরামের একেএম শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”
তিনি আরও জানান, দলীয় মনোনয়নপত্র যথাযথ না থাকায় সিপিবির প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেলের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সিনিয়র নেতারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন।










