ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যাচাই-বাছাই শেষে ১,৮৪২ প্রার্থীর মনোনয়ন বৈধ।
- আপডেট সময় : ০৬:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১৪৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
ইসির তথ্যানুযায়ী, সারা দেশের ৩০০টি নির্বাচনী আসনে দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী।
যাচাই-বাছাই শেষে বিভাগভিত্তিক বৈধ ও বাতিল প্রার্থীর সংখ্যা নিম্নরূপ—
ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১৩৩টি বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে ১৩৮ জন বৈধ, বাতিল হয়েছে ৫৬টি।
রাজশাহী অঞ্চলে ১৮৫ জনের মনোনয়ন বৈধ, বাতিল হয়েছে ৭৪টি।
খুলনা অঞ্চলে ১৯৬ জন বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৭৯ জনের মনোনয়ন।
বরিশাল অঞ্চলে ১৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল হয়েছে ৩১টি।
সিলেট অঞ্চলে ১১০ জন বৈধ, বাতিল হয়েছে ৩৬ জনের।
ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল হয়েছে ১১২টি।
কুমিল্লা অঞ্চলে ২৫৯ জন বৈধ, বাতিল হয়েছে ৯৭টি।
রংপুর অঞ্চলে ২১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল হয়েছে ৫৯ জনের।
ফরিদপুর অঞ্চলে ৯৬ জন বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৪৬টি মনোনয়নপত্র।
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে আরও জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র কোনো যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
ইসি জানিয়েছে, প্রকাশিত প্রাথমিক তালিকার বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও জানানো হয়েছে।










